বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। দিল্লির একটি নিরাপদ সরকারি বাসভবনে থাকছেন তিনি। তবে নিরাপত্তার কারণে তার সুনির্দিষ্ট ঠিকানা প্রকাশ করা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে উত্তর প্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। এরপর তাকে দিল্লিতে নেওয়া হয়।
২০২৪ সালের অক্টোবরে বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সরকারি বাংলোতে থাকছেন তিনি। এলাকাটি ভারতের উচ্চনিরাপত্তাবেষ্টিত অঞ্চল হিসেবে পরিচিত। সেখানে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের বাসভবন রয়েছে।
শেখ হাসিনার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত প্রকাশ করা না হলেও সার্বক্ষণিক নিরাপত্তারক্ষীরা দায়িত্ব পালন করছেন বলে খবর রয়েছে। তাদের অনেকে সাধারণ পোশাকে থাকেন।
ভারতে অবস্থান করেও বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন শেখ হাসিনা। বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া, বিবৃতি প্রকাশ এবং দূর থেকে রাজনৈতিক অনুষ্ঠানে যুক্ত হওয়ার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরছেন তিনি।
চলতি বছরের জুনে এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, এ বছরই বাংলাদেশে ফিরবেন। একই সাক্ষাৎকারে আওয়ামী লীগকে কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন