কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের এক রোহিঙ্গা মা একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। বিরল এই প্রসবের ঘটনায় জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় দুই ধাপে স্বাভাবিক ও অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোহিঙ্গা নারী জেসমিন বিবি (২৬) গত ১৩ নভেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন। তিনি উখিয়ার সি-৬ ক্যাম্পের এ-১ ব্লকের বাসিন্দা। আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তার গর্ভে একাধিক সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হয়। ওই সময় তার গর্ভকাল ছিল ২৯ সপ্তাহ।

পরদিন ১৪ নভেম্বর ভোরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম ছেলেসন্তানের জন্ম দেন তিনি। পরবর্তী সময়ে গর্ভে থাকা অন্য তিন শিশুর অবস্থান স্বাভাবিক প্রসবের উপযোগী না হওয়ায় চিকিৎসকদের সিদ্ধান্তে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম দেওয়া হয়।

১৬ নভেম্বর রাতে দ্বিতীয় ও তৃতীয় সন্তান জন্মগ্রহণ করে; তাদের মধ্যে একজন ছেলে ও অন্যজন মেয়ে। একই দিন রাত ৯টা ৫৩ মিনিটে চতুর্থ সন্তান হিসেবে আরেকটি মেয়েশিশুর জন্ম হয়।

হাসপাতালের চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম পুরো প্রসব প্রক্রিয়ায় মাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করে। জন্মের পর চার নবজাতকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষণিক পরিচর্যা করছেন।

এ বিষয়ে ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস. এম. গোলাম সারওয়ার বলেন, একসঙ্গে চার নবজাতকের জন্ম নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। মায়ের গর্ভকাল ছিল মাত্র ২৯ সপ্তাহ; ফলে প্রসব প্রক্রিয়াটি চিকিৎসকদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আমাদের চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সমন্বিত প্রচেষ্টায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয়েছে। মা ও নবজাতকদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাঁদের সুস্থতা নিশ্চিত করতে হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।