দুই বাংলার সুপার হিট চলচ্চিত্র আয়নাবাজি। যেখানে বহুরূপী চরিত্রে দেখা যায় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীকে। সিনেমাটি তৈরি করেছিলেন অমিতাভ রেজা চৌধুরী।অনেকদিন পর আবারও বহুরূপে দেখা যাবে এই অভিনেতাকে।
সম্প্রতি নির্মাতা গোলাম সোহরাব দোদুল নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ডার্করুম । এতে বহুরূপী চঞ্চলকে দেখতে পাবেন দর্শক। সাইকোলজিস্ট (মনোবিজ্ঞানী) চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে লাক্স তারকা অভিনেত্রী বাঁধনকে।
নির্মাতা বলেন, বেশ কিছুদিন আগে ওয়েব সিরিজটি শুটিং শেষ করেছি। প্যারাসাইকোলজি থ্রিলার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। এখানে চারটি সময়ের গল্পে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। খুব শিগগির ট্রেইলার মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আর এ রাহুল, ইমন প্রমুখ। আগামী ডিসেম্বরে সিনেম্যাটিক অ্যাপে ওয়েব ফিল্মটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
