ফ্রান্সে রাসূল (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ইসলাম অবমাননার প্রতিবাদে গোয়াইনঘাটে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে গোয়াইনঘাট উপজেলা উত্তর শাখা ছাত্র মজলিসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল গোয়াইনঘাট উপজেলা সদর বাজারে সংগঠনের সভাপতি ছাত্রনেতা মারজানুল আযহার জুনেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্বজেলা প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা এম জাবের আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ আখলাকুল আম্বিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওঃ দেলওয়ার হোসেন ও পূর্বজেলা বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক সাইফুর রহমান সয়েফ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে এবং ইসলাম অবমাননা করে বিশ্বের দুইশত কোটি মুসলমানদের কলিজায় যে আঘাত দিয়েছে এর জন্য দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বিশ্ব মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে।

তারা বলেন, ফ্রান্সের যে সকল পণ্য সামগ্রী বাংলাদেশে রয়েছে এগুলো অবিলম্বে বর্জন করতে হবে এবং সরকারকে সংসদে অনতিবিলম্বে নিন্দা প্রস্তাব আনতেই হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা আরো বলেন, ফ্রান্সের সাথে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে রাষ্ট্রীয়ভাবে তা বিচ্ছিন্ন করতে হবে, অন্যতায় চলমান আন্দোলন আরো বেগবান হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা উত্তরের তত্ত্বাবধায়ক আমিরুল ইসলাম আমিন, সাবেক সভাপতি ইলিয়াস আহমদ, দক্ষিণ সভাপতি ছাত্রনেতা রুবেল আহমদ, উপজেলা শ্রমিক মজলিসের আহ্বায়ক হাসান আহমদ চৌধুরী, সাংবাদিক তানজিল হোসেন, সংগঠনের উত্তর সেক্রেটারি রায়হান উদ্দিন প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি আবু বকর মসজিদ থেকে শুরু হয়ে গোয়াইনঘাট বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে সবজি বাজার গলির মুখে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।