মহামারি করোনাভাইরাসের প্রার্দুভাবে স্থবির হয়ে যাওয়া সিলেটের স্থলবন্দর ও স্টেশনগুলোতে আবার ফিরে পাচ্ছে কর্মচঞ্চল রূপ। করোনা পরিস্থিতিতে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া শুল্ক স্টেশনগুলোতে সম্প্রতি সীমিত আকারে আমদানি-রফতানি শুরু হয়েছে।নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনিময় শুরু হওয়ায় যেমন কর্মচঞ্চল হয়ে উঠছে শুল্ক স্টেশনগুলো, তেমনি কর্মক্ষেত্র বা কর্মসংস্থান ফিরে পাচ্ছেন হাজারো দিনমজুর।ক্ষতি পুষিয়ে উঠার সুযোগ পেয়েছেন আমদানি-রফতানির সঙ্গে জড়িত ব্যবসায়ীরাও।তবে, ভারতে লকডাউন থাকায় কিছু শুল্কস্টেশন দিয়ে এখনো পণ্য আমদানি-রফতানি হচ্ছে না।লকডাউন স্থিতিশীল হলে আবারও সরব হবে সব শুল্ক স্টেশন-এমন দাবি সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্মকর্তাদের।
সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সিলেটে ১৩টি এলসি স্টেশন রয়েছে। এসব স্টেশনে বেশিরভাগ আমদানি হয় কয়লা, পাথর, ফল ও কিছু কৃষ্টি যন্ত্রপাতি ইত্যাদি। আর রফতানি হয় ওষুধ, কিছু খাদ্য পণ্য, সিরামিক পণ্য, স্যানিটারিওয়্যার, প্লাস্টিক পণ্য ইত্যাদি।
সাম্প্রতিক সময়ে তামাবিল স্থলবন্দর ছাড়াও শেওলা, ভোলাগঞ্জ, জকিগঞ্জ, বড়ছড়া, জুড়ি ও চাতলাপুর শুল্ক স্টেশন চালু হয়েছে। অন্য শুল্ক স্টেশনগুলোও চালু হওয়ার পথে।
সিলেট ভ্যাট কমিশনারেট সূত্র জানায়, সিলেটের শুল্ক স্টেশনসমূহ মূলত আমদানি নির্ভর।রফতানির পরিমাণ খুবই কম।ভারত থেকে প্রধানত কয়লা ও চুনাপাথর আমদানি হয়। ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরাসহ আশপাশের বেশ কয়েকটি রাজ্য থেকে এসব পণ্য ট্রাকে করে তামাবিল স্থলবন্দর এবং জকিগঞ্জ ও শেওলা শুল্ক স্টেশনে এসে ট্রাক পরিবর্তন হয়ে সিলেটে প্রবেশ করে।
এ ছাড়া ভোলাগঞ্জ, বড়ছড়া, জুড়ি ও চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে সীমিত পর্যায়ে কয়লা, চুনাপাথর ও কাঁচামালসহ কিছু পণ্য আমদানি শুরু হয়।
দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার আগেই ২৯ ফেব্রুয়ারি ভোলাগঞ্জ শুল্কস্টেশন দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। এরপর করোনার সংক্রমণের কারণে প্রায় ছয় মাস বন্ধ ছিল শুল্কস্টেশনের কার্যক্রম। এতে বেকার হয়ে পড়েন এখানে কর্মরত শ্রমিকরা। ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েন। দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ২৫ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে ভোলাগঞ্জ শুল্কস্টেশন দিয়ে আমদানি-রফতানি শুরু হয়। এর আগে জুলাই মাসের শেষের দিকে তামাবিল স্থলবন্দর খুলে দেয়া হয়।
বড়ছড়া শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সুদিপ্ত শেখর দাশ জানান, যেখানে প্রতিদিন ভারত থেকে এক থেকে দেড়শ’ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতো সেখানে ১০/১২টি ট্রাক আসছে। সিলেটের একমাত্র স্থলবন্দর তামাবিল খুলে দেয়া হলেও আমদানি-রফতানির পরিমাণ আশানুরূপ নয়। প্রতিদিন ভারতের ডাউকি দিয়ে এ স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসছে ১০/১৫টি ট্রাক।
সিলেট কাস্টমসের সহকারি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, করোনা পরিস্থিতির কারণে ২৬ মার্চ থেকে সিলেটের সবক’টি স্থলবন্দও ও শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি ভারতে লকডাউন উঠে যাওয়ার পর থেকে আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে তা সীমিত পর্যায় হলেও স্থলবন্দর ও শুল্ক স্টেশনগুলো কর্মমুখর হয়ে উঠছে।স্বাস্থবিধি মেনে আমদানি-রফতানি বাড়াতে উভয় দেশের উচ্চ পর্যায়ে আলোচনা, হস্তক্ষেপ দরকার। বিশেষ করে রাজস্ব আয় বাড়াতে আমদানি-রফতানি বৃদ্ধিও বিকল্প নেই।
তিনি বলেন, কয়লা, চুনাপাথর ও কাঁচামাল বেশি পরিমাণে আমদানি হলে ব্যবসায়ী, আমদানিকারকরা যেমন উপকৃত হবে, তেমনি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
