এক যুগেও পুরোপুরি চালু হয়নি অনলাইন জিডি বা সাধারণ ডায়েরি। যদিও ২০০৯ সালে প্রায় সব থানায় চালুর পর ২০১৭তে এসে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে মাত্র ৩টি থানায় পাইলট প্রকল্প হিসেবে পাওয়া যাচ্ছে অনলাইন জিডির সুবিধা। জনসাধারণ বলছে, একে তো যাওয়া-আসার ঝক্কি তার ওপর করোনা সংক্রমণ ঠেকাতে হলেও এই সুবিধা আবারও চালু করা উচিত।

ব্যবসায়ী বাবুল, ধানমন্ডি মডেল থানায় এসেছেন একটি জিডি করতে। কিন্তু থানায় আসার পর তিনি জানতে পারেন তাকে জিডি করতে হবে হাজারীবাগ থানায়। নামে মডেল হলেও ধানমন্ডিতে নেই অনলাইন জিডির সুবিধা।

তিনি জানান, উনারা বলছেন, আমাদের এরিয়াটা এখানে না। ওইটা হাজারীবাগ থানায় পড়েছে। এ বিষয়টা অনলাইনে জানতে পারলে এখানে আসা লাগত না।

শুধু ধানমন্ডি নয়, জিডি-সংক্রান্ত সরকারি ওয়েবসাইটে গেলে দেখা যায় কলাবাগান, সূত্রাপুর ও ক্যান্টনমেন্ট ছাড়া ডিএমপিতে আর কোনও থানায় এ সুবিধা নেই।

২০০৯ সালে ঢাকায় থানা ছিল ৪১টি। তখন সব থানাতেই এই সুবিধা চালুর পর প্রথম তিন বছরে জিডির সংখ্যা দাঁড়িয়েছিল ৫ হাজারেরও বেশি। কিন্তু ১৭ তে এসে অনলাইনে জিডি পদ্ধতি বন্ধ হয়ে যায়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন বলেন, অনলাইনে যে জিডিগুলো হয়। বেশির ভাগ ক্ষেত্রে এগুলো ক্রটিপূর্ণ। এ জন্য আমরা আরেকটু যাচাই-বাচাই ও বিশ্লেষণ করে আমরা পরবর্তীতে আমরা সব থানাতে আমরা অনলাইন জিডি চালু করব কি-না? আবার দেখা যায়, যে ঘটনায় মামলা করা প্রয়োজন অনেক সময় ভুক্তভোগী সেটি জিডি করে পাঠিয়ে দেন।

নগরবাসী বলছেন, করোনা সংক্রমণ ঠেকাতে হলেও এই সুবিধা আবার চালু করা উচিত।

সাধারণ মানুষ জানান, অনলাইনে করতে পারলে আমাদের সময় বাঁচবে। সেক্ষেত্রে আধাঘণ্টা একঘণ্টা সময় নষ্ট করে থানায় আসা লাগবে না। পাঁচ মিনিটেই কাজ করতে পারব।  আইনজীবীদের মতে চলমান বাস্তবতায় এখন অনলাইনে আদালতও বসছে- তাই এটা এখন সময়ের চাহিদা।

অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, যেহেতু অনলাইনে কোর্ট চলতে পারে। সেক্ষেত্রে অনলাইনে জিডি করা যাবে কেন? এটা করা উচিত।

যেসব ঘটনায় ভুক্তভোগীকে সামনাসামনি আনা প্রয়োজন, সেসব ক্ষেত্রে পুলিশ সেই ব্যক্তির সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করতে পারে বলেও মনে করেন অনেকে।