ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

তদন্ত শেষে আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের পর বৃহস্পতিবার দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু তার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, দুদক তার সম্পদ বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগ পেয়েছে। ৫০ লাখ ৭৯ হাজার ৩০০ টাকার সম্পদের বিপরীতে তার সম্পদ রয়েছে ১ কোটি ২১ হাজার ৩৯৯ টাকার। ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে রাজধানীর মডেল থানায় সাবেক পৌর মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর জ্যেষ্ঠপুত্র দেওয়ার নাসির উদ্দিন রুবেল বলেন, আমার পিতা জামিন চেয়ে আদালতের কাছে আত্মসমর্পণ করেছেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছেন। আদালতের মর্জি হলে পরবর্তী যেকোনো তারিখে তার জামিন হতে পারে বলে আমাদের প্রত্যাশা। এক্ষেত্রে আমাদের কোনো মন্তব্য নেই।