কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জিয়াউর রহমান নামের এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোররাতে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা শাহীন মোহাম্মদ আব্দুর রহমান।
নিহত জিয়াবুর রহমান (১৪) উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের ই ব্লকের মো. আরিফ উল্লাহর ছেলে।
কুতুপালং রোহিঙ্গা কমিউনিটির নেতা (চেয়ারম্যান) হাফেজ জালাল আহমদ জানান, গত ৬ অক্টোবর রাতে আধিপত্য বিস্তার নিয়ে দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালে সন্ত্রাসীরা জিয়াউর রহমানকে অপহরণ করে গোপন স্থানে আটকে রেখে নির্মম নির্যাতন চালায়।
পরে অপহরণের দুদিন পর গত ৮ অক্টোবর সন্ত্রাসীরা আহত অবস্থায় শিবিরের একটি সেতুর নিচে ফেলে যায় তাকে। ওইদিন রাতে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে সে মারা যায়।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থলে একজন স্থানীয় বাংলাদেশি মাইক্রোবাস চালকসহ চারজনের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় আহত হয়ে অন্তত ৩০ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
