কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিরা একের পর এক জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসছেন। সর্বশেষ শুক্রবার (৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৫ জন ইয়াবা কারবারি জামিনে মুক্ত হয়েছেন। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তারা কারামুক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার কারাগারের জেল সুপার নেচার আলম।

জামিনে মুক্ত ইয়াবা কারবারিরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার মৃত হাজী আবুল কাশেমের ছেলে নুরুল হুদা মেম্বার (৩৮) ও তার ভাই নুরুল কবির, টেকনাফের সাবরাং মুন্ডার ডেইলের মো. হোসাইনের ছেলে মঞ্জুর আলী (৩৫), হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মৃত রশিদ আহম্মদের ছেলে মাহবুব আলম (৩৬) এবং নাইট্যং পাড়ার মৃত আবদুল খালেকের ছেলে মো. ইউনুছ (৪৮)।

জামিনে মুক্তির পর পাঁচজনই টেকনাফে নিজেদের বাড়িতে ফিরেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আত্মসমর্পণকারী আরও কয়েকজন ইতিমধ্যে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। জামিন সংক্রান্ত কাগজপত্র কক্সবাজার জেলা কারাগারে পৌঁছালে তারাও কারাগার থেকে মুক্তি পাবেন।

এদিকে সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন টেকনাফের ইয়াবা ব্যবসার অন্যতম হোতা সাইফুল করিমের ছোট ভাই রাশেদুল করিমসহ আরও বেশ কয়েকজন মাদক কারবারি।

টেকনাফে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনার পর পুলিশের নমনীয় অবস্থানের কারণে মাদক কারবারিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রসঙ্গত একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক এম এম আকরাম হোসাইন মধ্যস্থতায় গত ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি কক্সবাজারের টেকনাফের পাইলট স্কুল মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ১০২ ইয়াবা কারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। এ সময় তারা সাড়ে ৩ লাখ ইয়াবা, ৩০টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি জমা দেন।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা কারবারির মধ্যে ১০১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। তাদের মধ্যে কারাগারে বন্দি অবস্থায় একজনের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়।