সাতক্ষীরার আশাশুনিতে সাত বছরের একটি মেয়ে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৭ অক্টোবর) মধ্যরাতে শ্যামনগর থানার সুন্দরবনের কাছে কাশিমাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় সিআইডি অফিসে সাতক্ষীরা সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ধর্ষক তরিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিআইডির কাছে দোষ স্বীকার করেছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান জানান, গত সোমবার দুপুর ২টার দিকে প্রতিবেশী তরিকুল মোবাইলে ছবি দেখানোর কথা বলে মেয়েটিকে ডেকে নিয়ে ‘ধর্ষণ করেন’ বলে তার মা মামলায় অভিযোগ করেছেন। সোমবার গভীর রাতে আশাশুনি থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার মেয়েটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

ঘটনাটি জানার পর সিআইডি মামলাটির ছায়া তদন্ত শুরু করে জানিয়ে বিশেষ পুলিশ সুপার আনিছুর বলেন, ধর্ষককে গ্রেফতারের জন্য আমরা জোর তৎপরতা চালাচ্ছিলাম। রাত সাড়ে ১১টার দিকে শ্যামনগর থানার অন্তর্গত সুন্দরবনের কাছের একটি গ্রামে গিয়ে তাকে পেয়েছি।