বাউফলের কেশবপুর ইউনিয়নের কালামিয়া বাজার সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে বৃহষ্পতিবার(১৭ সেপ্টেম্বর) রাতে এক জলদস্যুকে সাত রাউন্ড গুলিসহ আটক করেছে স্থানীয় জেলেরা। আটকের পর পুলিশকে খবর দিলে রাত বারোটার দিকে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এঘটনায় বাউফল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আটক জলদস্যুকে আজ শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহষ্পতিবার রাত আটটার দিকে পাশ্ববর্তী ভোলা সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের মোখলেছ রাড়ীর ছেলে তেঁতুলিয়া নদীতে ডাকাতির অন্যতম ভয়ঙ্কর জলদস্যু মহসিনের সেকেন্ড ইন কমান্ড বলে খ্যাত কামাল রাড়ী (৫০) একটি ট্রলারে করে তার দলবল নিয়ে বাউফলের কেশবপুর ইউনিয়নের কালামিয়া বাজার সংলগ্ন তেঁতুলিযা নদীতে ডাকাতি করতে আসে।

 

ডাকাতদল নৌকা ও ট্রলারে ডাকাতি করার সময় স্থানীয় জেলেরা ইটপাটকেল মেরে প্রতিরোধ গড়ে তোলে। তাদের ডাকচিৎকারে শত শত মানুষ নদীপাড়ে জমায়েত হয়। এক পর্যায়ে কামাল তার ট্রলার থেকে নদীতে পড়ে গেলে জেলেরা তাকে আটক করে এবং তার কাছ থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় অন্যান্য ডাকাতরা দ্রুত ট্রলার নিয়ে ভোলার দিকে চলে যায়। রাত নয়টার দিকে ধৃত কামালকে কালামিয়ার বাজারে এনে বাউফল থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে রাত ১২ টার দিকে এসআই অপু বিশ্বাস ও এসআই রুহুল আমিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে কামালকে গুলিসহ থানায় নিয়ে আসে। ধৃত কামাল জানায়, ভোলা থানায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলাসহ আরো দুটি মামলা রয়েছে। তার নেতা মহসিন বলেও জানায় কামাল।

কেশবপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান গাজী জানান, ভোলার জলদস্যুদের অত্যাচারে বাউফলের জেলেরা তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে পারছে না। আমরা কামালের মাধ্যমে সকল জলদস্যুদের নাম ঠিকানা জেনে তেঁতুলিয়া নদীকে জলদস্যুমুক্ত করার দাবি করছি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কামালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে শুক্রবার আদালতের সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।