বগুড়ার মহাস্থানগড় হাটে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। দূর দূরান্ত থেকে পাইকার, ব্যবসায়ীরা ভিড় করছেন হাটে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন হাটে হাজার হাজার টাকার রাজস্ব আদায় হলেও নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। এছাড়া আড়তদারদের কাছ থেকে হয়রানির শিকার হতে হয় চাষীদের।

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় হাট। দূর দূরান্ত থেকে চাষিরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসছেন এখানে। এসব সবজি কিনতে পাইকার আর ব্যবসায়ীদের পদচারণায় জমজমাট হাট। সবজি কিনে ভ্যানে করে নেয়া হচ্ছে বিভিন্ন জেলায়।

তবে ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন শতশত টন সবজির সরবরাহ হলেও ক্রেতা বিক্রেতাদের নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। কাদামাটির মধ্যে সবজি ক্রয় বিক্রয় করতে হচ্ছে।

সবজি বাজার নিয়ে চাষিদের অসন্তুষ্টি না থাকলেও আড়তদারদের হয়রানিতে অতিষ্ঠ তারা। সবজি বিক্রি করে টাকার জন্য ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখাসহ নানা হয়রানির অভিযোগ সবজি চাষিদের।

শনিবার বগুড়ার মহাস্থান পাইকারি হাটে কাঁচা মরিচ একশ টাকা, পেঁয়াজ ৬০ টাকা এবং করলা, বেগুন ও পটল প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়।