অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান মৃত্যুর আগে মুম্বাই পুলিশের কাছে সাহায্য চেয়েও পাননি। ৮ জুন মুম্বাইয়ের জুহুর পার্টি শেষে ১শ নম্বরে ফোন করে বারবার সাহায্য চেয়েছেন দিশা। এতে কোনো সাড়া দেয়নি পুলিশ। দিশার মৃত্যুর রহস্যের মধ্যে এবার নতুন করে এমন তথ্য জানিয়েছেন বিজেপি বিধায়ক নীতিশ রানে।
নীতিশ রানে বলেন, ৮ জুন মুম্বাইয়ের জুহুর পার্টিতে হাজির হন দিশা সালিয়ান। পার্টি শেষ হয়ে যাওয়ার পর আচমকাই দিশা ১০০ নম্বরে ফোন করেন। অর্থাৎ দিশা ওইদিন মুম্বাই পুলিশের কাছে সাহায্যের আবেদন করে ১০০ নম্বরে ফোন করেন। পার্টি শেষ হয়ে যাওয়ার পর দিশা কেন ১০০ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চান, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এসবের পাশাপাশি আরো দাবি করা হয়, ৮ জুন রাত সাড়ে ৮ টার দিকে শেষবারের মতো ফোন করা হয় দিশা সালিয়ানের মোবাইল থেকে। দিশা সালিয়ানের মোবাইল থেকে সাড়ে ৮ টার শেষ ফোন করা হলেও তা বন্ধ করা হয় ভোর সাড়ে ৪ টার দিকে। অর্থাৎ সাড়ে ৮ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত কেউ না কেউ দিশার মোবাইল ব্যবহার করছিলেন বলেও দাবি করেন নীতিশ রানে।
এছাড়া, ৮ জুন ভোরে যেভাবে দিশার মোবাইল বন্ধ করা হয়, তা থেকে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। দিশা আত্মহত্যা করেননি বলেও জোর গলায় দাবি করেন বিজেপির ওই বিধায়ক। এসবের পাশাপাশি দিশার বন্ধু রোহন রাইকে যাতে নিরাপত্তা দেওয়া হয়, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠান নীতিশ রানে।
