নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকার অক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় জেলা ও উপজেলার অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার। তার বেশির ভাগ অংশই একটি ইউনিয়ন পরিষদে বরাদ্দ দিচ্ছে।

যাতে করে বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী তাদের জীবন মান উন্নয়ন করতে পারে। সেই সব বরাদ্দের একটি টাকা থেকেও যদি কোনো ইউপি চেয়ারম্যান অনিয়ম করে। তবে তাকে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। সোমবার দুপুরে পলাশ উপজেলার আধুনিক পাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলার সকল ইউনিয়নের সমম্বিত কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশে মহামারি করোনাভাইরাসের কারণে আমরা সবাই ক্রান্তিকাল সময় পার করছি। এসময়ের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে প্রতিটি মানুষই মানবিক হয়ে কাজ করতে হবে। একে অপরের পাশে দাঁড়াতে হবে। তাহলেই করোনাভাইরাস মোকাবেলা করাসহ দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এসময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্ট প্রমুখ।

পরে পলাশ থানা পরিদর্শন, উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও ডাঙ্গা ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধনসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।