লেবাননে হবিগঞ্জের আব্দুল্লাহ মিয়া (৩২) ও মোজাম্মেল মিয়া (২০) নামে ২ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিক আব্দুল্লাহ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সিদ্দিক আলীর পুত্র ও মোজাম্মেল মিয়া একই গ্রামের ঝাড়ু মিয়ার পুত্র।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আনু মিয়া।

 

তাদের পরিবারিক সূত্র জানায়, প্রায় ৪ বছর পূর্বে জীবিকার তাগিতে লেবাননে পাড়ি জমান দরিদ্র আব্দুল্লাহ মিয়া। এরপর সেখানকার একটি কোম্পানীতে শ্রমিকের কাজ নেন তিনি। ভাল উপার্জন থাকায় পরিবারের মুখে হাসি ফুটে।

এর ১ বছর পর ওই কোম্পানীতে কাজ নিয়ে লেবানন যান একই গ্রামের মোজাম্মেল হোসেন। আব্দুল্লাহ মিয়া ও মোজাম্মেল মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা হওয়ায় সেখানে একই রুমে অবস্থান করেন।

গত মঙ্গলবার রাতের খাবার শেষে রুমে ঘুমিয়ে পড়েন তারা। পরদিন বুধবার সকালে তাদের রুমের দরজা বন্ধ দেখে পার্শ্ববর্তী বাসিন্দারা সন্দেহ প্রবণ হয়ে উঠেন। পরে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙ্গে তাদের মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনু মিয়া জানান, লেবানন থেকে অন্যান্য শ্রমিকরা মোবাইল ফোনে ঘটনাটি জানিয়েছেন এবং মৃত দেহের ছবি পাঠিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। আইনী প্রক্রিয়া সম্পন্নের পর দূতাবাসের মাধ্যমে তাদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে।

 

তিনি জানান, আব্দুল্লাহ মিয়া ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক এবং মোজাম্মেল মিয়া অবিবাহিত। আকষ্মিক এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে চলছে শোকের আহাজারী।