মরা গরুর মাংস বিক্রি করার জন্য কাদের মিয়া নামে এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে মরা গরুর মাংসসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
৯ ফেব্রুয়ারি, রবিবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে এমন ঘটনা ঘয়ে।এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে কাদের মিয়ার মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মরা গরুর মাংসসহ কাদের মিয়াকে আটক করা হয়।স্থানীয়রা জানান, সকালে একটি অসুস্থ গরু দোকানে আনেন কাদের মিয়া। পরে ওই গরুটি মারা যায়। গরুটি ফেলে দেয়ার কথা বলে গোপনে জবাই করে মাংস বিক্রি শুরু করেন কাদের। বিষয়টি দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্ববে ফোন দেন এক মাংস ক্রেতা। এরপর পুলিশ এসে মরা গরুর মাংসসহ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ওসি এফএম সায়েদ বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে কাদের মিয়ার মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মরা গরুর মাংসসহ কাদের মিয়াকে আটক করা হয়।’এই ঘটনার পর পরই সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ ও হ্যাপী দাসের নেতৃত্বে বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরুর মাংস বিক্রির দায়ে কয়েকটি মাংস দোকান ব্যাবসায়ীকে জরিমানা করা হয়।
