হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। ভোর থেকে সকাল পর্যন্ত বেশি শীত অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলাটি। কুয়াশার কারণে ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা আজিজুর রহমান বলেন, সকালবেলা চা বাগানে কাজ করতে গেলে কুয়াশা ও ঠান্ডার কারণে হাত-পাগুলো জড় হয়ে আসে। এখনই শীতের তীব্রতা অনেক বেশি।

সদর উপজেলার অমরখানা এলাকার বাসিন্দা রমিজুল ইসলাম বলেন, প্রতি বছরই শীত আসে। কিন্তু আমাদের কষ্ট দুঃখ-দুর্দশা বাড়তেই থাকে। কেউ আমাদের দিকে দেখে না একটা শীতের কম্বল ও দেয় না। যদি একটা কম্বল পাইতাম খুব ভালো হইত।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃষ্টি বলয় কেটে যাওয়ার কারণে গত কয়েক দিন ঘন কুয়াশার পরিমাণ বেশি ছিল। এখন কুয়াশা কিছুটা কমলেও শীতের তীব্রতা কিন্তু কমেনি। রোদের দেখা মিললেও হিমালয়ের বাতাসে শীত অনুভূত হচ্ছে। জেলায় চলতি মাসের শেষে শীতের তীব্রতা আরও বাড়বে।