চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে রাজনৈতিক মামলা ও ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ পূর্ব জোয়ার হাবিলদার পাশা এলাকায় অভিযান চালিয়ে রাত আনুমানিক ২টা ১০ মিনিটে আরিফুল হাসান রাসেল (৪০) নামে একজনকে গ্রেফতার করেন। তিনি করেরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ার জয়পুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। জোরারগঞ্জ থানার দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় তদন্তে তার নাম উঠে আসে।
অন্যদিকে, এসআই (নিঃ) মো. ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে মো. হৃদয় (২৭) নামে এক আসামিকে গ্রেফতার করেন। তিনি মিরসরাই উপজেলার পশ্চিম মঘাদিয়া এলাকার মো. জাহেদের ছেলে। পূর্বের একটি ডাকাতি মামলায় তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এএসআই (নিঃ) খন্দকার বাবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরাগলপুর চেয়ারম্যান রোডের মাথা থেকে রাত সোয়া ৩টার দিকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মধ্যম সোনাপাহাড় এলাকার আবুল কালামের ছেলে আহমদুর রহমান (২৮) এবং পরাগলপুর ৪ নম্বর ওয়ার্ডের সামছুল হকের ছেলে মো. রায়হান (৩৩)।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত চারজনকেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন