সিলেটের জৈন্তাপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে রয়েছে ৫০টি পাওয়ার জেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুদ্দিন আহমাদ।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের একটি চৌকস বিশেষ অপারেশন দল এবং অস্ত্র ও বিস্ফোরক শনাক্তকরণে সক্ষম প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের ডগ ‘মিকি’ এ অভিযানে অংশ নেয়। অভিযানকালে বিস্ফোরকগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক বহনকারীরা চা বাগানের ভেতর দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের লক্ষ্যে সিভিল সোর্স নিয়োগ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুদ্দিন আহমাদ জানান, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে ৪৮ বিজিবির ধারাবাহিক বিশেষ অভিযানে ১০টি অবৈধ অস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫০টি পাওয়ার জেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে। মাদক ও অন্যান্য মালামাল চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টার ঘটনায় ১৭ জনকে প্রতিহত করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তার চিত্র তুলে ধরে তিনি আরও জানান, বর্তমানে সিলেট সেক্টরের ৫৬টি বিওপিতে ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনার পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের পথ চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।

রাতের নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা ও ফ্লাডলাইট স্থাপনের পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। অস্ত্র ও বিস্ফোরক শনাক্তকরণে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের মাধ্যমেও বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে সীমান্ত সুরক্ষায় সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা কিংবা যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে।

তিনি আরও জানান, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে গমনাগমন করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।