পিরোজপুরের নাজিরপুরে মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে বিএনপি-জামায়াত নেতাদের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে। একই রাতে তারা একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করে। এতে ইউপি কার্যালয়ের হলরুমে থাকা টিসিবির পণ্য, দরজা, জানালা ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়।

পিরোজপুর জেলা বিএনপি ও জেলা জামায়াত ইসলামীর অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে নাজিরপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মুরাদ, শাহিন ভূইয়া ও সামাদ এবং ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মোস্তফা মাঝির দোকানসহ ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উপজেলার শাখারিকাঠী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মনির মোল্লা এবং সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুরাদ হাসান বলেন, রাত ২টার দিকে বাজারের পাহারাদার এর ফোন কলে দোকানের কাছে আসি, এসে দেখি দোকানের চারো পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে।