ফতুল্লার এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নের বুক চিরে বয়ে চলা কাইল্যানী খাল দীর্ঘদিন ধরে দখল, দূষণ ও ময়লা-আবর্জনায় প্রায় বিলীন হয়ে গিয়েছিল। খালের ওপর জমে থাকা ময়লা-আবর্জনার কারণে অনায়াসেই হেঁটে পার হওয়া যেত। অবশেষে মৃতপ্রায় খালটি খনন ও পরিষ্কারের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।

বুধবার বেলা ১২টায় মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার নিজে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

দুই ইউনিয়নের প্রায় ১০ লাখ অধিবাসী খাল ভরাটের কারণে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার দুর্ভোগে ভুগছেন। স্থানীয় বাসিন্দাদের এ দুর্ভোগ লাঘব এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার লক্ষ্যে নিজ উদ্যোগে খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছেন মাওলানা আবদুল জব্বার।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও পলি জমে খালটি ভরাট হয়ে থাকায় এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সামান্য বৃষ্টি হলেই এলাকায় হাঁটুপানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হতো। পাশাপাশি জমে থাকা পচা পানিতে মশার উপদ্রবও ভয়াবহ আকার ধারণ করেছিল।

খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, ‘নগরবাসীর সেবা করার জন্য কেবল নির্বাচনের অপেক্ষায় বসে থাকলে চলবে না। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাই জনস্বার্থে ও এলাকাবাসীর স্বস্তি ফেরাতে এই খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে যতটুকু খনন ও সংস্কার প্রয়োজন, তা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।’ এ সময় তিনি খাল ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জামায়াতে ইসলামীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খালটি সচল হলে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এবং এলাকার পরিবেশেরও উন্নতি হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইয়েদ মুন্না, এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউনুস আলী, ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদের সদস্য হোসেন, দেলোয়ার হোসেন গাজী, মো. অলিউল্লাহ, এনায়েতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. সোহেল খান, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ফালু, ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী সিজান প্রমুখ।