ঠাকুরগাঁও প্রতিনিধি : মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার ও ইএসডিও যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. মোদাচ্ছের হোসেন, প্রবীণ হিতৈষী সংঘের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর আলী ও শিক্ষাবিদ আখতারুজ্জামান।
বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় নেতা। তাঁর রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আদর্শ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।