মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলোচিত সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ প্রায় ১৮ বছর পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলো।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে রাজনগর থানার পাঠানটুলা গ্রামের মোহাম্মদ ইয়াসিন খান বাদী হয়ে এই হত্যা মামলাটি দায়ের করেছিলেন (দায়রা মামলা নং- ২৬৯/০৯)। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় পুলিশি তদন্ত, আইনি কার্যক্রম এবং সর্বমোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামসাদ বেগম এই রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— তাজুল ইসলাম, টিপু আহমদ, ফরমুজ মিয়া, নুরুদ্দিন এবং পলাতক আরও দুইজনসহ মোট ছয়জন আসামি। আদালত বাংলাদেশ দণ্ডবিধি আইনের ৩৯৬ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সন্তোষ প্রকাশ করে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকা মামলাগুলোর বিচার কার্যক্রম বর্তমান সরকারের আমলে ত্বরান্বিত হচ্ছে। এ ধরনের রায় প্রদানের ফলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হচ্ছে এবং সাধারণ মানুষও তেমনটাই মনে করছে। আগামীতেও এ ধরনের রায়ের ধারাবাহিকতা বজায় থাকবে এবং অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না; সব অপরাধীকে বিচারের আওতায় আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।