সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের দিকনির্দেশনায় পুলিশের একটি দল রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—দিলীপ শর্মা (৩২), পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; মুজিবুর রহমান সিকদার (৫০), মধ্য জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য; মো. গিয়াস উদ্দিন (৫৫), তোয়াকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মো. ফয়েজ আহমদ (৪৩), সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি।

পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাট থানায় দায়ের করা মামলা নং-১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার (১৬ নভেম্বর) গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে।