মৌলভীবাজারে পুলিশের পৃথক অভিযানে সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের জেলা সাবেক সভাপতি নেছার আহমেদের ছেলে ফজলে রাব্বি সাদমান এবং জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে আনুমানিক ৯টার দিকে মৌলভীবাজার শহর থেকে নেছার পুত্র ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়। রাব্বি সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা নেছার আহমদের কনিষ্ঠ ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় জুলাই আন্দোলনের মামলা রয়েছে। মামলা থাকাকালীন শহরের চৌমুহনায় ফার্মেসী ব্যবসা করেছেন নেছার পুত্র ফজলে রাব্বি সাদমান।

অপরদিকে,মৌলভীবাজার জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকেও পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগসহ বিভিন্ন মামলায় তিনি এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নেছার পুত্র ফজলে রাব্বি সাদমান ও অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। সে প্রেক্ষিতেই তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাব্বির বাবা মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ আত্মগোপনে রয়েছেন।