সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকায় সোহেল অটো রাইস মিলের সামনে চণ্ডীপুল-জালালপুর সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মামুনুর রশিদ মামুন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নম্বরপ্লেটবিহীন বালুভর্তি একটি ডাম্প ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর ভেতর থেকে ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেয়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪) এবং সিলেট বিমানবন্দর থানাধীন রঙ্গিন টিলার ছালিয়া পশ্চিমপাড়া গ্রামের আসলাম আলীর ছেলে মাহবুব আলম (২১)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।