চট্টগ্রামের লোহাগাড়ায় দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামে এক ব্যক্তি। দলটির স্থানীয় নেতাদের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ায় এলাকায় পরিচিতি রয়েছে তাঁর।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে পৃথক প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। নির্বাচনের ফলাফলে বিএনপি-সমর্থিত প্রার্থী বিজয়ী হন।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে বক্তব্য দেন ফারুক। তাঁর অভিযোগ, স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা কথা রাখেননি এবং পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করেননি। তিনি তাঁদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও তোলেন।

পরে ওই রাতেই আধুনগর বাজারে এক বালতি দুধ দিয়ে গোসল করে জামায়াতের প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানাতে দেখা যায়।

ফারুক বাংলানিউজকে বলেন, তিনি জামায়াতের নেতা বা কর্মী নন, বরং দলটির একজন সমর্থক ছিলেন। স্থানীয় নেতাদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে তিনি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তবে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কাদের দাবি করেন, ফারুক তাঁদের দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি নন। সমর্থক হিসেবে তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। বাজার কমিটির নির্বাচনে বিএনপি বা জামায়াত কোনো প্রার্থীকেই আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়নি বলেও দাবি করেন তিনি।