নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন নিয়ে সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের সম্পর্কের টানাপোড়েন ও আলাদা থাকার খবর প্রকাশিত হলেও এসবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ফারুকী।

এ বিষয়ে ফারুকী বলেন, তাকে ঘিরে আগে থেকেই নানা ধরনের অপপ্রচার ও মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। এখন ব্যক্তিগত আক্রমণও করা হচ্ছে। তার ভাষ্য, মিথ্যা সংবাদ প্রচার করলেই কোনো ঘটনা সত্য হয়ে যায় না। এসব বিষয়ে কথা বলে গুঞ্জনকে আরও উৎসাহ দিতে চান না তিনি। তাই তিনি বা তিশা কেউই এ নিয়ে মন্তব্য করতে আগ্রহী নন। বরং নতুন কাজ নিয়ে আলোচনা করতে চান।

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মধ্যেও পেশাগত কাজে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা। গত ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে অংশ নিতে যান তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন। ১৭ অক্টোবর দেশে ফিরে নতুন বিজ্ঞাপনচিত্র নির্মাণের কাজ শুরু করেন।

ফারুকী জানান, বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন তিনি। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা খাতের এবং অন্য দুটি নির্মাণসামগ্রী নিয়ে। একটি বিজ্ঞাপনের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, যার দৃশ্যধারণ হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়।

নতুন সিনেমা নিয়েও কাজ করছেন ফারুকী। একটি সিনেমার গল্প লেখা শেষ করেছেন এবং আরেকটির গল্প লেখার কাজ শুরু করেছেন। অন্যদিকে, তিশার অভিনয়েও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে তার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ফারুকী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

এদিকে তিশা সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গত ২৮ সেপ্টেম্বর আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক প্রকাশিত হয়েছে।

কাজের সূত্র ধরেই ফারুকী ও তিশার পরিচয়, পরে বন্ধুত্ব ও প্রেম। পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তারা। ২০২২ সালে তাদের কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীর জন্ম হয়।