ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির জন্মদিন আজ শনিবার (২৪ অক্টোবর)। জন্মদিন ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আগ্রহ থাকলেও এবার জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে শান্তভাবে দিনটি কাটাতে চান এই অভিনেত্রী। এবারের আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’।
একসময় জমকালো আয়োজনে জন্মদিন উদ্যাপন করতেন পরীমণি। তবে ২০২৩ সালে তাঁর ‘নানাভাই’-এর মৃত্যুর পর থেকে দিনটি আর আগের মতো উদ্যাপন করেন না বলে জানিয়েছেন তিনি।
জন্মদিনে এবার তাঁর চাওয়া শান্তি, প্রকৃত বন্ধুত্ব এবং এমন কিছু কাজ, যা তাঁকে মানুষের মনে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে। গণমাধ্যমকে পরীমণি বলেন, জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন সন্তান ও ক্যারিয়ারই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজের মাধ্যমে মানুষের মনে স্থায়ী জায়গা করে নিতে চান তিনি।
পরীমণির ভাষায়, প্রতিবছরই তিনি জীবনকে নতুন করে দেখেন এবং নতুনভাবে বাঁচার চেষ্টা করেন। কাজ ও কাছের মানুষদের সঙ্গে শান্তি এবং আনন্দ খুঁজে নেন।
এবারের জন্মদিনের চাওয়া সম্পর্কে তিনি বলেন, তাঁর একমাত্র প্রত্যাশা শান্তি। পাশাপাশি ভুয়া মানুষ ও মেকি বন্ধুত্ব থেকে মুক্তি চান তিনি। বন্ধুর সংখ্যা কম হলেও সমস্যা নেই, যদি তাঁরা সত্যিকারের বন্ধু হন।
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। ক্যারিয়ারের শুরুর দিকে একসঙ্গে প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। যদিও সেসব সিনেমার অনেকগুলো শেষ পর্যন্ত নির্মিত হয়নি বা মুক্তি পায়নি।
পরবর্তী সময়ে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ এবং চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয় করে প্রশংসা অর্জন করেন এই অভিনেত্রী। এখন ব্যক্তিজীবনের শান্তি ও সন্তানের ভবিষ্যতের পাশাপাশি অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা ধরে রাখাই তাঁর প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন