ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৯ বছর বয়সে মারা যান তিনি। শনিবার দুপুরে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

তুলনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী আমেনা বেগম।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তুলনার স্তনে টিউমার শনাক্ত হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ঢাকার আহ্ছানিয়া মিশন হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। পরে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর আগে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

গত ২০ অক্টোবর তুলনার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর বায়োপসি পরীক্ষায় ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসকেরা জানান, তত দিনে তার শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছিল।

মেয়ের শেষ সময়ের কথা জানিয়ে আমেনা বেগম বলেন, অস্ত্রোপচারের পর দুই দিন তুলনার শারীরিক অবস্থা ভালো ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, হাসিখুশিও ছিলেন। তবে শুক্রবার সকাল থেকে দ্রুত তার অবস্থার অবনতি হতে থাকে। রাতে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হলে রাত ১১টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনার পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন তুলনা আল হারুন। দেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের বিভিন্ন আয়োজনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তার মৃত্যুর খবরে সহকর্মী, ফ্যাশন ডিজাইনার ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তুলনা দেশের প্রখ্যাত নাট্যকার ও নাট্যনির্দেশক আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে। তার বাবা বর্তমানে জার্মানিতে বসবাস করছেন।