খুলনার তেরখাদা উপজেলায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রামীম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা জানান, রামীম মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ জানান, শনিবার সকালে ভ্যানে করে কোলাবাজারের দিকে যাচ্ছিলেন রামীম। পথে আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে মোটরসাইকেলে আসা ব্যক্তিরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পিঠের ডান পাশে গুলি লাগে।

পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে খুলনায় অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের মধ্যে জেলায় সফর করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।