রাজধানীর পল্লবীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁদের একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মশিউল আজম অরিন ও শান্ত ইসলাম। তাঁদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। রাতে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
তিনি জানান, চেকপোস্টে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর সংকেত দেওয়া হলে আরোহীরা তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের আটক করে তল্লাশি চালায়। এ সময় মশিউল আজম অরিনের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, ২০২৫ সালের মে মাসে মশিউল আজম অরিনের কাছ থেকে ডিবির মিরপুর বিভাগ একটি অস্ত্র উদ্ধার করেছিল। ওই ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা হয়। মিরপুর মডেল থানা, পল্লবী থানাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে তাঁর বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে।
অন্যদিকে, শান্ত ইসলামের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য করুন