মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তার প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।
রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে যে সংবাদ প্রচারিত হচ্ছে, তার কোনো ভিত্তি নেই।
বিবৃতিতে মাহফুজ কবির মুক্তা জানান, প্রতিমন্ত্রী সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তার পদত্যাগেরও কোনো প্রশ্ন নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য একটি মহল এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা আরও বলেন, গত শনিবার নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে সৃষ্ট পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে ইশরাক হোসেন আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগের খবর প্রচারকে তিনি বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি বলে উল্লেখ করেন।
বিবৃতিতে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সাধারণ মানুষকে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি, যেসব মাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে, তাদের অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ করা হয়েছে। অন্যথায়, অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

মন্তব্য করুন