জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে গত ২৭ বছর ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
রোববার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডা. জুবাইদা রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত এবং বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সিক্ত এই ফাউন্ডেশন তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় মানবসেবায় কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, মানবসেবার ছোট উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২৭ বছরে ক্রমেই বিস্তৃত হয়েছে। মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে ফাউন্ডেশনটি দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।
ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশন একদিন বিশ্বব্যাপী মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে। এ সময় তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের সদস্যদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া ফাউন্ডেশন আয়োজিত আইডিয়া ফেস্ট প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কারের চেক ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দল। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারকগ্রন্থও প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানমসহ ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন যাত্রা শুরু করে। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন