নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় সাজেবুল ইসলাম অপূর্ব নামে ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর পৌরশহরের পুরাতন সিনেমা হল রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অপূর্ব দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানিয়েছেন, অপূর্ব এলাকার অন্যতম সন্ত্রাসী তাজুল ইসলামের সহযোগী।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে বাড়ির পাশের একটি দোকানে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কাছাকাছি এ ঘটনা ঘটে।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির ইন্টারনেটভিত্তিক টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।
আলিফের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেফতার যুবকের সংশ্লিষ্টতা এবং হত্যার পেছনের কারণ তদন্ত করে দেখছে পুলিশ।

মন্তব্য করুন