খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় এক যুবককে গুলি করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ শেখ জুম্মান রহমান বিশাল (২৭) বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি আমতলা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট ও মাস্ক পরা তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম ঊরুতে গুলি লাগে। পরে তার কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ বিশালকে স্বজনরা উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য পেয়েছে পুলিশ। হামলাকারীরা মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা থাকায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় হামলার কারণও এখনো স্পষ্ট নয়। দুর্বৃত্তদের শনাক্ত করা এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ বিভিন্নভাবে তদন্ত চালাচ্ছে।