ভারতে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও অ্যাকটিভিস্ট প্রকাশ রাজ। তবে বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতির পরিবর্তে নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ রাজ বলেন, তারা সরকারের পতন চান এবং গণতান্ত্রিক উপায়েই সেই পরিবর্তন ঘটাতে চান।

তিনি বলেন, ভারত বাংলাদেশ বা নেপাল নয়। দেশটিতে বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী ও ভগৎ সিংয়ের আদর্শ এবং সংবিধান রয়েছে। পাশাপাশি জনগণের ভোটাধিকারও রয়েছে।

দিল্লিতে প্রস্তাবিত তিরঙ্গা মার্চের আগে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক করার পর প্রকাশ রাজ এসব মন্তব্য করেন।

চলমান আন্দোলনে বিদেশি অর্থায়নের অভিযোগের বিষয়ে তিনি কর্তৃপক্ষের কাছে প্রমাণ দাবি করেন। তাঁর বক্তব্য, শুধু অভিযোগ তুললেই হবে না, ব্যাংক হিসাব দেখিয়ে তা প্রমাণ করতে হবে।

তিরঙ্গা মার্চের আগে ছাত্রনেতাদের আটকের সমালোচনা করে প্রকাশ রাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তিরঙ্গা’ উদ্যোগের প্রসঙ্গ তোলেন। তাঁর প্রশ্ন, জাতীয় পতাকা নিয়ে কর্মসূচির প্রবক্তা হয়েও কেন সরকার শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের আটক করছে?

প্রকাশ রাজের দাবি, বিক্ষোভকারীরা নিরস্ত্র এবং আম্বেদকর ও গান্ধীর আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছেন।