ভারতের রাজধানী নয়াদিল্লিতে পতাকা উত্তোলন কর্মসূচিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পর এবার আটক হয়েছেন ছাত্রনেত্রী নেহা বোরা। শুক্রবার (১৬ অক্টোবর) সেন্ট্রাল পার্কের দিকে পতাকা হাতে মিছিল নিয়ে যাওয়ার সময় তাকে আটক করে দিল্লি পুলিশ।

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, মান্দি হাউস সার্কেল থেকে পতাকা হাতে মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছিলেন নেহা। এ সময় পুলিশ তাকে আটক করে। এর প্রায় এক ঘণ্টা আগে একই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আটক হন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন ককরোচ পার্টির তরুণ সমর্থকেরা। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে সুবিধা দিতে ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৭০ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগও তুলেছে দলটি।

শুক্রবারের পতাকা উত্তোলন কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দলটির দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের প্রতিবাদ জানানো। এর আগে ১৩ অক্টোবর যন্তরমন্তরে পতাকা উত্তোলনের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এরও আগে ১০ অক্টোবর একই স্থানে কর্মসূচি পালনের উদ্যোগ নিলে অভিজিৎ, আশুতোষ ও সৌরভকে আটক করেছিল পুলিশ। পরদিন তারা মুক্তি পান। নতুন কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার দিল্লিতে আবারও উত্তেজনা তৈরি হয়।