ভারতের দিল্লিতে আবারও আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার (১৬ অক্টোবর) সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কয়েক মিনিট আগে তাকে আটক করে পুলিশ।

এর আগে গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দর থেকে আটক হয়েছিলেন অভিজিৎ। পরদিন মুক্তি পাওয়ার পর তিনি পরিবারের কাছে ফিরে যান। এর মধ্যে বার্ধক্যজনিত কারণে তার দাদির মৃত্যু হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন ককরোচ পার্টির তরুণ সমর্থকেরা। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে সুবিধা দিতে ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দিয়েছেন জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৭০ লাখ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগও তুলেছে দলটি।

দিল্লির সেন্ট্রাল পার্কে শুক্রবারের পতাকা উত্তোলন কর্মসূচির উদ্দেশ্য ছিল দলটির দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার প্রতিবাদ জানানো।

এর আগে ১০ অক্টোবর যন্তরমন্তরে সমাবেশের উদ্যোগ নিলে অভিজিৎসহ দলটির তিন নেতাকে আটক করা হয়। পরে মুক্তি পান তারা। ১৩ অক্টোবর যন্তরমন্তরে পতাকা উত্তোলন করতে গেলে আশুতোষ ও সৌরভকে আবারও গ্রেপ্তার করা হয়।

শুক্রবারের কর্মসূচির আগে পুলিশ অভিজিতের দিল্লির বাসায় গিয়ে সেন্ট্রাল পার্কে সমাবেশের ওপর নিষেধাজ্ঞার কথা জানায়। এরপরও পতাকা নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।