সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। দণ্ডপ্রাপ্তরা হলেন বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির ও সিথি আক্তার। গত বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম এজেল নিউজ এ তথ্য জানিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানোর পর বিচারক তাঁদের দোষী সাব্যস্ত করেন। অপরাধের গুরুত্ব এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি আইনের তাযির ধারার আওতায় তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
পরবর্তী সময়ে উচ্চতর কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখে। এরপর রাজকীয় আদেশের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দেওয়া হয়।
বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।
তবে দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে তাঁদের পরিবারের বক্তব্য, বাংলাদেশ দূতাবাসের প্রতিক্রিয়া কিংবা মামলার বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

মন্তব্য করুন