রাজধানী ঢাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৯৭ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৬৭, ওয়ারী বিভাগে ৪৯, রমনা ও গুলশান বিভাগে ৪০ জন করে, লালবাগ বিভাগে ৪০, মতিঝিল বিভাগে ৩৮, উত্তরা বিভাগে ৩০ এবং গোয়েন্দা বিভাগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, বিস্ফোরিত দুটি ককটেলের অংশ, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা ও ৯১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি চাপাতি, একটি কাটার, ১৩২টি মোবাইল ফোন, একটি ট্রাক, একটি সিএনজি এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।