আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। দীর্ঘ এক দশকের বেশি সময় ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিদায়ের খবর জানানোর পাশাপাশি স্মরণ করেছেন তাঁর ক্রিকেটজীবনের দীর্ঘ পথচলা।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পুনমের। ভারতের হয়ে তিনি চারটি টেস্ট, ৭৩টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে তাঁর সংগ্রহ ২৬৪ রান, ওয়ানডেতে ২ হাজার ২৯৯ এবং টি-টোয়েন্টিতে ৭১৯ রান। ২০২১ সালের অক্টোবরের পর আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি।
পুনমের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০১৭ সালের নারী বিশ্বকাপ। ওই আসরে ৩৮১ রান করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ভারতের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ না হলেও পুনমের ৮৬ রানের ইনিংসটি ছিল আলোচিত।
ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করা এই ব্যাটার অবসরের ঘোষণায় লেখেন, ‘মুম্বাইয়ের রাস্তা থেকে ভারতীয় জার্সি পরা পর্যন্ত এই যাত্রা আশীর্বাদের চেয়ে কম কিছু ছিল না।’
ক্রিকেটজীবনের ত্যাগ, সংগ্রাম, স্মরণীয় জয় ও কঠিন শিক্ষার কথা তুলে ধরে তিনি জানান, ভারতের প্রতিনিধিত্ব করা তাঁর কাছে শুধু স্বপ্নপূরণ নয়, বরং বিশেষ সৌভাগ্যের বিষয় ছিল।
আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ করার সময় পাশে থাকা এবং তাঁর ওপর বিশ্বাস রাখা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুনম। জাতীয় দলে দীর্ঘদিন সুযোগ না পেলেও ২০১৭ বিশ্বকাপের পারফরম্যান্সসহ তাঁর ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছে।

মন্তব্য করুন