ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
আকিদুল শেখ আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ২০২১ সালের ২০ জুন সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তার পাশে পানি জমে থাকতে দেখে আকিদুল তাকে রাস্তা পার করে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলেন। এরপর শিশুটিকে রাস্তার পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় পরদিন, ২১ জুন, শিশুটির বাবা আকিদুল শেখের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন