বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে একসময় ‘প্লাস্টিক’ বলে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। প্রায় এক দশক পর নিজের সেই মন্তব্যকে রুচিহীন বলে স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে সুযোগ পেলে ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন এই অভিনেতা।
২০১৪ সালে করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর চতুর্থ মৌসুমে হাজির হয়েছিলেন ইমরান হাশমি ও পরিচালক মহেশ ভাট। অনুষ্ঠানের দ্রুত প্রশ্নোত্তর পর্বে ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম শুনে প্রথম কোন শব্দটি মনে আসে, তা জানতে চান করণ। উত্তরে ইমরান বলেন, ‘প্লাস্টিক’। মুহূর্তেই তাঁর মন্তব্যটি নিয়ে বিতর্ক শুরু হয়।
পরে ইমরান ব্যাখ্যা দেন, দ্রুত প্রশ্নোত্তর পর্বে পুরস্কার জেতার তাড়নায় তাড়াহুড়ো করে কথাটি বলেছিলেন। ঐশ্বরিয়াকে অসম্মান করা তাঁর উদ্দেশ্য ছিল না।
২০২৪ সালে ‘দ্য লাল্লানটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবারও কথা বলেন অভিনেতা। নিজের মন্তব্যকে রুচিহীন উল্লেখ করে তিনি বলেন, সেই মুহূর্তে কথাটির পরিণতি নিয়ে ভাবেননি। অনুষ্ঠানে যাঁদের সম্পর্কে মন্তব্য করেছিলেন, তাঁদের সবার প্রতিই তাঁর শ্রদ্ধা রয়েছে। ঐশ্বরিয়ার অভিনয়েরও ভক্ত তিনি।
ইমরান আরও জানান, ‘হম দিল দে চুকে সনম’ সিনেমাটি দেখার পর ঐশ্বরিয়ার ভ্যানিটির বাইরে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেছিলেন তিনি। সুযোগ পেলে অভিনেত্রীর সঙ্গে দেখা করে ক্ষমা চাইতে চান।
অন্যদিকে, ২০১৯ সালে ‘ফিল্মফেয়ার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে তাঁর সম্পর্কে শোনা সবচেয়ে খারাপ মন্তব্যের কথা জিজ্ঞাসা করা হয়েছিল। উত্তরে তিনি ‘ভুয়া’ ও ‘প্লাস্টিক’ শব্দ দুটির উল্লেখ করেন।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই মন্তব্যের প্রসঙ্গ আবার সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছেন ইমরান হাশমি ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

মন্তব্য করুন