৪৫তম বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা আগামী শনিবার সকাল ১০টার মধ্যে গেজেটভুক্ত করার দাবি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আত্মাহুতির মতো চরম সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন গেজেটবঞ্চিত প্রার্থীরা।
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২২ সালের ৩০ নভেম্বর। ২০২৫ সালের ২৭ নভেম্বর বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। এর মধ্যে ১ হাজার ৭০২ জনকে অন্তর্ভুক্ত করে গত ১৪ অক্টোবর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
প্রার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, সুপারিশপ্রাপ্তদের মধ্যে ১০৫ জন গেজেট থেকে বাদ পড়েছেন। তাঁদের মধ্যে ৪৮ জন মেডিকেল পরীক্ষায় অংশ নেননি। বাকি ৫৪ জন সব প্রক্রিয়া সম্পন্ন করেও যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন বলে দাবি করেছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে নূরে আলম বলেন, বিসিএসের সব ধাপ অতিক্রম করার পরও তাঁদের বাদ দেওয়ার কারণ জানানো হয়নি। তাঁর দাবি, বাদ পড়া প্রার্থীদের কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই। কী ভিত্তিতে তাঁদের বাদ দেওয়া হয়েছে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
নূরে আলম আরও বলেন, শনিবার সকাল ১০টার মধ্যে গেজেটভুক্ত করার পাশাপাশি বাদ দেওয়ার কারণ জানাতে হবে। অন্যথায় তাঁরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।
আরেক প্রার্থী রুবেল হোসেন বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাঁরা আশা করছেন।

মন্তব্য করুন