রাজধানী ঢাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৪২টি মামলা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে মিরপুর বিভাগ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ২৬৩ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ১৯৬ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ৪২ জন, লালবাগ ও উত্তরা বিভাগে ৪০ জন করে এবং রমনা বিভাগ থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে তিনজনকে।

অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ছাড়া ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০টি ইয়াবা, ছয় হাজার ১০০টি ট্যাপেন্টাডল বড়ি এবং ১৪৯ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জব্দ করেছে ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, একটি সোনার কানের দুল এবং নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।