যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। মঙ্গলবার রাতে অঙ্গরাজ্যটির সাউক জেলার রীডসবার্গ শহরের কাছে ঘন বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সাউক জেলা শেরিফের দপ্তর এক বিবৃতিতে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিমান বিধ্বস্তের খবর পায় শেরিফের দপ্তর। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন।

কর্মকর্তারা জানান, বিমানটি উইসকনসিনের কেনোশা শহর থেকে মেনোমোনির দিকে ফিরছিল। একপর্যায়ে এটি ঘন বনাঞ্চলে বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযান চালিয়ে বিমানের ছয় আরোহীর সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে শেরিফের দপ্তর।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে কাছাকাছি কোনো বিমান নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করছিল বলে ধারণা করছেন কর্মকর্তারা।

বিমান নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে কী ধরনের কথোপকথন হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার সময় ওই এলাকায় আবহাওয়ার কোনো বিরূপ পরিস্থিতি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।