পৌরাণিক কাহিনি ও কল্পনানির্ভর সিনেমা ‘হনুমান অংশ’ বিশ্বজুড়ে ৪৩৫ কোটি রুপির বেশি আয় করেছে বলে দাবি করা হচ্ছে। ছবিটির সাফল্যে উচ্ছ্বসিত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বিশেষ করে মাত্র ২১ বছর বয়সী প্রযোজক অনুপ্রিয়ার উদ্যোগ ও দূরদর্শিতার প্রশংসা করেছেন তিনি।

সিনেমাটির সাফল্য উদযাপন উপলক্ষে দেওয়া এক বার্তায় সঞ্জয় দত্ত বলেন, এত অল্প বয়সে বড়পর্দায় বিশাল একটি স্বপ্ন বাস্তবায়ন করা সত্যিই প্রশংসনীয়। ভারতীয় সংস্কৃতি ও পুরাণের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সিনেমা নির্মাণের সাহসী উদ্যোগ অনুপ্রেরণাদায়ক।

অভিনেতার মতে, বিশ্বজুড়ে ৪৩৫ কোটি রুপির বেশি ব্যবসা অনুপ্রিয়া ও পুরো দলের নিষ্ঠা এবং দূরদর্শিতার পরিচয় দেয়। সিনেমাটির সঙ্গে যুক্ত সবার জন্য তিনি গর্বিত বলেও জানান।

মুক্তির পর থেকেই ‘হনুমান অংশ’ দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে বলে সংশ্লিষ্টদের দাবি। সিনেমাটির দৃশ্যপ্রভাব, আবহসংগীত ও চিত্রনাট্য দর্শকদের আকৃষ্ট করেছে। বিশেষ করে ভারতীয় পুরাণ ও ঐতিহ্যকে আধুনিক নির্মাণশৈলীতে উপস্থাপনের বিষয়টি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

সঞ্জয় দত্তের প্রশংসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির প্রযোজক ও কলাকুশলীরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।

মাত্র ২১ বছর বয়সে বড় পরিসরের একটি সিনেমা প্রযোজনা করে বাণিজ্যিক সাফল্য অর্জনের কারণে অনুপ্রিয়া এখন বিনোদন অঙ্গনে আলোচনায়। সিনেমাটির ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তরুণ এই প্রযোজকের উদ্যোগও দর্শকদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে।