ইয়েমেনের রাজধানী সানায় বিশেষ সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অভিযান শুরুর আগে নির্দিষ্ট এলাকার বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হবে বলে জানিয়েছে জোট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তিনি বলেন, সানার একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনার আগে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা প্রয়োজন।

তবে অভিযানটি ঠিক কোথায়, কখন পরিচালিত হবে কিংবা এর লক্ষ্য কী, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

সানা দীর্ঘদিন ধরে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে সম্ভাব্য সামরিক অভিযান ঘিরে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে অভিযানের সময়সূচি ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।