বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যমের বাইরে অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ বা ব্যক্তির কাছ থেকে ট্রেনের টিকিট কিনে প্রতারণার শিকার হলে এর দায় নেবে না রেলওয়ে। এ ধরনের লেনদেনে আর্থিক ক্ষতি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও দায়ভার বহন করবে না সংস্থাটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় যাত্রীদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ট্রেনের টিকিট কিনতে হবে বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট, ‘রেল সেবা’ অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার থেকে।
অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইটের ঠিকানা: https://eticket.railway.gov.bd
রেলওয়ে জানিয়েছে, অনুমোদিত মাধ্যমের বাইরে টিকিট কেনা বা কেনার চেষ্টা করতে গিয়ে কোনো ধরনের আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার ঘটনা ঘটলে তার দায়ভার সংস্থাটি নেবে না।
এ ছাড়া যাত্রীদের পাসওয়ার্ড, এককালীন গোপন সংকেত (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের তথ্যসহ ব্যক্তিগত ও গোপনীয় তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপদে ট্রেনের টিকিট কেনা এবং প্রতারণা এড়াতে যাত্রীদের সব সময় রেলওয়ের অনুমোদিত মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মন্তব্য করুন